Ridge Bangla

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো বেগম খালেদা জিয়ার সমাধিস্থল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের সমাধিস্থল খুলে দেওয়া হলে সেখানে মানুষের ঢল নামে।

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আগত মানুষ দোয়া-মোনাজাত ও ফুলের তোড়া দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। নানা বয়সী মানুষের অংশগ্রহণে সমাধিস্থল এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেউ কোরআন তেলাওয়াতে মগ্ন, কেউ নীরবে দাঁড়িয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছেন। অনেকেই ‘গণতন্ত্রের আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার কবর এক নজর দেখতে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় অবস্থান নেন।

তবে নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট সময়ের আগে ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় অনেকে সমাধিস্থলের বাইরে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। পুরো এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

এর আগে গত বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। পরে বিকেল সাড়ে ৪টার দিকে জিয়া উদ্যানেই স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। দাফন শেষে কবরের ওপর মাটি ছিটিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

This post was viewed: 31

আরো পড়ুন