Ridge Bangla

সরে না দাঁড়ালে বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি

নির্ধারিত সময়ের মধ্যে দলের সিদ্ধান্তের বাইরে থাকা বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই বিদ্রোহীরা দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করবেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির মতো বড় দলে যোগ্য প্রার্থীর কোনো অভাব নেই। অনেকেই মনে করেন, তারা মনোনয়ন পেলে আরও ভালোভাবে দলের প্রতিনিধিত্ব করতে পারতেন। সেই প্রত্যাশা থেকেই কেউ কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন। তবে এখনো প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়নি।

তিনি বলেন, দল ইতোমধ্যে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে, তারা যেন দলীয় শৃঙ্খলা বজায় রেখে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তিনি জানান, অনেক বিদ্রোহী প্রার্থী ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে দলকে অবহিত করেছেন। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশা করছেন।

তবে কেউ প্রত্যাহার না করলে বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে স্পষ্ট করেন তিনি।

This post was viewed: 16

আরো পড়ুন