Ridge Bangla

সরকার পরিবর্তন হলেও চীনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

আগামীতে যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত ও জোরদার রাখার ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতকে সামনে রেখে দুই দেশের পারস্পরিক অংশীদারত্ব আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীন–বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি চীন সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, অল্প কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দায়িত্ব থেকে বিদায় নেবেন এবং একটি নতুন সরকার গঠিত হবে। তবে সরকার পরিবর্তন হলেও দুই দেশের চলমান সহযোগিতা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বৈঠকে ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে চীনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তিনি বলেন, চীনের প্রত্যন্ত গ্রামে ক্ষুদ্রঋণের প্রভাব নিজের চোখে দেখেছেন এবং পরবর্তীতে চীনা সরকারও এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছে। চলতি বছরের মার্চে চীন সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের কথাও উল্লেখ করেন ড. ইউনূস। তিনি জানান, প্রেসিডেন্ট শি তাঁর লেখা বই পড়েছেন এবং নীতিগতভাবে সেগুলো অনুসরণ করেছেন, যা তাঁর জন্য বিশেষ সম্মানের বিষয়। বৈঠকে উপস্থিত চীনা প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

This post was viewed: 4

আরো পড়ুন