রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের পর আর কোনো যুদ্ধে রাশিয়া জড়াবে না, যদি রাশিয়াকে সম্মান ও তার নিরাপত্তা স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়। ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কাকে তিনি নির্বোধ ধারণা উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন।
মস্কোতে প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এক টেলিভিশন ম্যারাথন প্রশ্নোত্তর অনুষ্ঠানে পুতিনকে ইউক্রেনের পর নতুন করে কোনো বিশেষ সামরিক অভিযান হবে কি না- এমন প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “আপনারা যদি আমাদের সম্মান করেন এবং আমাদের স্বার্থকে গুরুত্ব দেন, তবে আর কোনো অভিযান হবে না।”
পুতিন আরও বলেন, ইউরোপ যদি যুদ্ধ চায়, তাহলে রাশিয়া এই মুহূর্তেই প্রস্তুত। তবে মস্কোর লক্ষ্য যুদ্ধ নয়। তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের প্রসঙ্গ টেনে বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে প্রতারণা করেছে। ১৯৯০ সালে ন্যাটো সম্প্রসারণ না করার যে প্রতিশ্রুতি সোভিয়েত ইউনিয়নকে দেওয়া হয়েছিল, তা রক্ষা করা হয়নি।
‘ডাইরেক্ট লাইন’ নামের এই আয়োজনে সাধারণ জনগণ ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, এই অনুষ্ঠানে তিন মিলিয়নের বেশি প্রশ্ন জমা পড়ে। অনুষ্ঠানে পুতিনের পেছনে বিশাল রাশিয়ার মানচিত্রে ইউক্রেনের দখলকৃত অঞ্চলও দেখানো হয়, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।