Ridge Bangla

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সময়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতিচারণ করে বলেন, ওসমান হাদি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তার শাহাদাত প্রমাণ করে, গণতন্ত্রের পথ কতটা কঠিন হলেও তা থেকে সরে আসার সুযোগ নেই। জুলাই শহীদ, জুলাই যোদ্ধা এবং ১৯৭১ সালের শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে দেশের মানুষের শান্তি ও গণতন্ত্র নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

ডিজিটাল স্মৃতিস্তম্ভ প্রসঙ্গে তারেক রহমান বলেন, তরুণ প্রজন্মের সঙ্গে প্রযুক্তির গভীর সম্পর্ক রয়েছে। তবে ব্যয়বহুল ইন্টারনেট সেবার কারণে অনেকেই পিছিয়ে পড়ছে। বিএনপি সরকার গঠন করতে পারলে তরুণদের জন্য সহজ ও বিনামূল্যের ইন্টারনেট সুবিধা বিস্তারের উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্য খাত সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সেবার মান বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার বড় অংশই নারী কর্মী হবেন।

তিনি বলেন, দেশের আইটি পার্কগুলো কার্যকরভাবে ব্যবহার করে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে। বক্তব্যের শেষে তারেক রহমান দলের ৩১ দফা ও নতুন স্লোগান তুলে ধরে বলেন, সামনে একটাই লক্ষ্য- ‘করবো কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

This post was viewed: 39

আরো পড়ুন