নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সন্ধ্যা ৭টায় তাঁর এই ভাষণ প্রচারিত হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যমকে বিটিভির সৌজন্যে ভাষণটি একযোগে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।
দুই দশক পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই হতে যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাতির উদ্দেশে ভাষণ। নতুন সরকারের নীতি-পরিকল্পনা, অগ্রাধিকারমূলক কর্মসূচি এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা সম্পর্কে এই ভাষণে দিকনির্দেশনা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।