Ridge Bangla

সচিবালয়ে আজ প্রথম কর্মদিবস শুরু করছেন নতুন প্রধানমন্ত্রী

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর দপ্তর হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর দাপ্তরিক ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রীও ইতোমধ্যে সংরক্ষণ করা হয়েছে।

প্রথম কর্মদিবসে সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে ফিরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। দুপুরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং বিকেলে সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন