Ridge Bangla

সংসদ গ্যালারিতে আহত জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশনের বিরতির সময় আহত জুলাই যোদ্ধাদের খোঁজ নিতে গ্যালারিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, স্বাস্থ্যের খোঁজ নেন এবং জুলাই গণআন্দোলনের সময়ের স্মৃতি শুনে পাশে থাকার আশ্বাস দেন।

রোববার (৫ এপ্রিল) সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৫৩ জন আহত জুলাই যোদ্ধা। বিরতির আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোর থেকে এমপিদের জানান, আহত জুলাই যোদ্ধাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানানো হলো। সরকারি ও বিরোধী দলীয় এমপিরা তাদের স্বাগত জানান।

ভিআইপি গ্যালারিতে উপস্থিত যোদ্ধারা দাঁড়িয়ে হাত নাড়তে থাকেন। কিছুক্ষণ পর নিরাপত্তা কর্মকর্তারা তাদের জানান, প্রধানমন্ত্রী আসছেন। এর পাঁচ মিনিট পর প্রধানমন্ত্রী গ্যালারিতে পৌঁছান এবং একে একে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রী তাদের স্বাস্থ্যের খোঁজ নেন। কেউ জুলাইয়ের অভিজ্ঞতা শোনান। নারীরা কান্নাজড়িত কণ্ঠে দুর্দশার কথা বলেন। পুরো গ্যালারি আবেগঘন হয়ে ওঠে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রায় ৬০ জন জুলাই গণআন্দোলনে অংশ নেওয়া আহত ও শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

This post was viewed: 2

আরো পড়ুন