Ridge Bangla

শেরপুরে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচন কমিশনের

জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচন আসন্ন ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৪ এপ্রিল) থেকে নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন বিজিবি সদস্যরা। তারা আগামী ১১ এপ্রিল পর্যন্ত মাঠে থেকে দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

বিজিবির পাশাপাশি নির্বাচনী নিরাপত্তা জোরদারে র‌্যাবের ১০টি টিম মাঠে থাকবে। এর পাশাপাশি রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে আরও চারটি টিম। তিনি বলেন, আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে বিজিবি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ঘোষিত নতুন তপশিল অনুযায়ী আসন্ন ৯ এপ্রিল সেখানে ভোটগ্রহণ হবে। এই আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াতের আলহাজ মাসুদুর রহমান মাসুদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান।

This post was viewed: 7

আরো পড়ুন