শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানিয়েছে, মোতায়েনকৃত সদস্যরা শেরপুরে নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালন করবেন এবং নাগরিক ও নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ রাখার জন্য কাজ করবেন।
এর আগে বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরের ঝিনাইগাতিতে শেরপুর-৩ আসনের সব প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বসার আসনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি হয়। সংঘর্ষে গুরুতর আহত হন জামায়াতের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তাঁকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়।
এই ঘটনায় ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রাসঙ্গিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও বিজিবি যৌথভাবে নিরাপত্তা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বিজিবি সূত্র জানায়, মোতায়েনকৃত সদস্যরা ভোট ও নির্বাচনী প্রচারণা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে নজরদারি চালাবেন।