Ridge Bangla

শুক্রবার দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশে পৌঁছাবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ছাড়ার কথা রয়েছে। ফ্লাইটটি আনুমানিক সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাংলাদেশে অবতরণ করবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজে এই তথ্য জানানো হয়। পোস্টে আরও বলা হয়, শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ দেশে আনা হবে। বাংলাদেশে শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন প্রচারণা চালাচ্ছিলেন। হামলার সময় দুজন দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তী চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরে মারা যান।

This post was viewed: 12

আরো পড়ুন