বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব ধরনের অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) একাডেমির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এই রাষ্ট্রীয় শোক ও অনিবার্য কারণবশত ১৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত থাকবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে এবং ভাঙচুর চালানো হয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।