Ridge Bangla

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতায় পাঁচ নির্দেশনা মাউশির

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে পাঁচটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদ-উল-ফিতরের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই এ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, সারাদেশে শহর ও গ্রাম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিক-নির্দেশনা দেওয়ার লক্ষ্যে প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে আহ্বায়ক করে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির কার্যপরিধি অনুযায়ী ঈদ-উল-ফিতরের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব নির্দেশনা বাস্তবায়ন করতে হবে তা হলো: ঈদ-উল-ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে; প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে; প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।

This post was viewed: 3

আরো পড়ুন