Ridge Bangla

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

শতাধিক গুম-খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচারকার্য এক নতুন পর্যায়ে প্রবেশ করছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার (৮ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে প্রসিকিউশনের উদ্বোধনী বক্তব্য উপস্থাপনের পাশাপাশি সাক্ষ্যগ্রহণ করা হবে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই বিচারকাজ সম্পন্ন করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন সূত্র জানায়, শুনানির শুরুতে মামলার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে উদ্বোধনী বক্তব্য দেওয়া হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মূল সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। মামলার সাক্ষীদের তালিকায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার নামও রয়েছে।

এর আগে গত ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে বিচার শুরুর নির্দেশ দিয়ে ৮ ফেব্রুয়ারিকেই প্রথম সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইল এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে। এছাড়া ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা এলাকায় বলেশ্বর নদীর মোহনায় ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। একই ধরনের অন্য একটি ঘটনায় আরও ৫০ জনকে হত্যার তথ্য মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে ২৩ ডিসেম্বর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

This post was viewed: 5

আরো পড়ুন