লিবিয়ার উপকূলে নৌকা ডুবে কমপক্ষে চারজন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় উদ্ধার অভিযানও শুরু করা হয়েছে।
সংস্থাটির বরাতে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আল-খুমস উপকূলীয় শহরের কাছে। প্রথম নৌকায় ছিলেন ২৬ জন যাত্রী, যাদের সবাই বাংলাদেশি। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়। অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলছে।
দুর্ঘটনার রাতে লিবিয়ার উপকূলে আরও একটি নৌকা ছিল। দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে দুইজন মিশরীয় এবং বাকিরা সুদানের নাগরিক। যাত্রীদের মধ্যে আটজন শিশু ছিল। রেড ক্রিসেন্ট তাদের অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। ফলে নৌডুবি, নিখোঁজ এবং মৃত্যু প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট উদ্ধার হওয়া যাত্রীদের ছবি প্রকাশ করেছে, যেখানে কিছু মানুষকে থার্মাল ব্ল্যাঙ্কেটে মোড়ানো অবস্থায় দেখা যায়। এছাড়া কালো বডিব্যাগে কয়েকজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযানে অংশ নিয়েছে লিবিয়ার কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা বিভাগ। মৃতদেহগুলো পরে স্থানীয় প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।