ভোলার লালমোহন উপজেলায় বিরল শারীরিক বৈশিষ্ট্য নিয়ে একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। ছয় পা বিশিষ্ট এ বাছুরটিকে এক নজর দেখতে আশপাশের এলাকার মানুষের ভিড় জমেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চর উমেদ গ্রামের সৌদি প্রবাসী মো. মনিরের বাড়িতে বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি ঘাড়ের কাছে অতিরিক্ত আরও দুটি পা রয়েছে।
গরুর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, ভোররাতে গাভিটি একটি বাছুর প্রসব করে। পরে কাছে গিয়ে দেখা যায়, বাছুরটির ছয়টি পা রয়েছে। প্রথমে বিষয়টি দেখে কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও পরে স্থানীয় পশুচিকিৎসকদের পরামর্শে স্বস্তি পান।
তিনি বলেন, এ ধরনের বিরল বাছুর জন্ম নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকা থেকে মানুষ তা দেখতে তার বাড়িতে ভিড় করছেন।
স্থানীয় পশুচিকিৎসক জামাল হোসেন জানান, অতিরিক্ত পা থাকলেও বাছুরটি আপাতত সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে।
লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা বলেন, এমন ঘটনা খুবই বিরল হলেও এতে বাছুরটির বেড়ে ওঠায় তেমন সমস্যা হওয়ার সম্ভাবনা কম। তিনি আরও জানান, বাছুরটি কিছুটা বড় হলে অতিরিক্ত দুটি পা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা যেতে পারে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ বাছুরটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে।