Ridge Bangla

লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার: ছুটির আমেজে জমজমাট সমুদ্রসৈকত ও অন্যান্য পর্যটনস্থল

টানা তিন দিনের ছুটিতে পর্যটকের ঢলে রীতিমতো উৎসবমুখর হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরকারি ছুটি এবং এর সঙ্গে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি যুক্ত হওয়ায় কক্সবাজারে রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই কক্সবাজার শহর, সমুদ্রসৈকত ও আশপাশের পর্যটন স্পটগুলোতে লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সৈকতের লাবনি, সুগন্ধ্যা, কলাতলি, হিমছড়ি ও ইনানীর পাশাপাশি টেকনাফের জিরো পয়েন্ট, মহেশখালীর সোনাদিয়া, আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ প্যাগোডা ও কুতুবদিয়াতেও পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।

পর্যটকদের অনেকেই জানান, শীতের সময় কক্সবাজারের সৌন্দর্য ও আবহাওয়া তাদের বেশি টানে। তবে আনন্দের পাশাপাশি বাড়তি খরচ ও ভোগান্তির কথাও উঠে এসেছে। কেউ কেউ অভিযোগ করেন, হোটেল ভাড়া, খাবার ও পরিবহনে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি প্রয়োজন।

এদিকে হোটেল-মোটেল মালিক সমিতি জানিয়েছে, ছুটির এই সময়ে কক্সবাজারে পর্যটন ব্যবসায় শত কোটি টাকার বাণিজ্য ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষ ভাগ ও ইংরেজি নববর্ষ ঘিরে পর্যটকের চাপ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

This post was viewed: 12

আরো পড়ুন