Ridge Bangla

রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যখাতে ইতালির ১০ লাখ ইউরো অনুদান

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করতে ১০ লাখ ইউরো (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর জানায়, ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের অভিবাসন নীতিমালা অধিদপ্তরের অর্থায়নে এই সহায়তা বাস্তবায়ন করা হবে। ইউএনএইচসিআর ও তাদের অংশীদার সংস্থাগুলো এ তহবিল ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা রেফারেল, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করবে।

ইউএনএইচসিআর বলছে, এই অনুদানের ফলে বিশ্বের অন্যতম বৃহৎ ও জটিল মানবিক সংকটে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি তহবিল সংকটের কারণে যে চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউএনএইচসিআর আরও জানায়, এই আর্থিক সহায়তা গ্লোবাল রিফিউজি ফোরামের (জিআরএফ) প্রতি ইতালির দেওয়া প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন। এর মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও ক্ষমতায়নের পাশাপাশি আশ্রয়দাতা জনগোষ্ঠীর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজেন বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য ও মর্যাদা রক্ষায় ইতালির এই উদার সহায়তা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন জীবন রক্ষাকারী সেবাগুলো তহবিল সংকটে পড়েছে।”

এদিকে, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো জানান, রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইতালি ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা দিয়ে আসছে। তিনি বলেন, “জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা কার্যক্রমে অবদান রাখতে পেরে আমরা গর্বিত। একই সঙ্গে ইউএনএইচসিআর ও বাংলাদেশ সরকারের মানবিক ভূমিকার প্রশংসা করি।”

ইউএনএইচসিআর মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সংহতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন