Ridge Bangla

রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ডাকাতের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

১৬ এপিবিএন পুলিশের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) সুশান্ত কুমার সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৫০)। তিনি হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, আব্দুর রহিম একজন চিহ্নিত ডাকাত ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি ও অন্যান্য গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাত দলের অভ্যন্তরীণ কোন্দল কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে গুলি করে হত্যা করা হতে পারে।

পরিদর্শক সুশান্ত সরকার আরও জানান, স্থানীয়দের তথ্যমতে সোমবার মধ্যরাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শোনা যায়। পরদিন ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় স্থানীয়রা বিকাশ মোড় এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংস ঘটনার সংখ্যা সম্প্রতি বেড়েছে। এর আগে গত ১০ জানুয়ারি একই নয়াপাড়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর কামাল নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী গুলিতে নিহত হয়।

This post was viewed: 5

আরো পড়ুন