হজযাত্রীদের কোরবানি (আদাহি) ও মাশায়ের ট্রান্সপোর্টসহ সব পরিবহনসংক্রান্ত ব্যয় আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) মধ্যে পরিশোধ করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব অর্থ পরিশোধ না হলে সংশ্লিষ্ট হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি/মহাসচিবসহ দেশের ৩০টি লিড হজ এজেন্সির মালিকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে কোরবানি ও পরিবহনসংক্রান্ত সব অর্থ পরিশোধ সম্পন্ন করার বিষয়টি অত্যন্ত জরুরি বলে অবহিত করা হয়েছে।
এর আগে এ বিষয়ে তাগিদ দিয়ে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস ধর্ম সচিবের কাছে একটি চিঠি পাঠায়। সেখানে জানানো হয়, সৌদি আরবে আগত হজযাত্রীদের জন্য কোরবানি (আদাহি) পেমেন্ট এবং মাশায়ের ট্রান্সপোর্টসহ সার্বিক পরিবহন ব্যবস্থাপনার ব্যয় নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করা আবশ্যক।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে যদি এসব অর্থ পরিশোধ না করা হয়, তাহলে সংশ্লিষ্ট হাজীদের ভিসা ইস্যু ও প্রক্রিয়াকরণে জটিলতা দেখা দিতে পারে।
এ প্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেশের সব হজ এজেন্সির মালিক ও মোনাজ্জেমদের আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের কোরবানি (আদাহি) পেমেন্ট এবং মাশায়ের ট্রান্সপোর্টসহ সব পরিবহনসংক্রান্ত ব্যয় পরিশোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।