Ridge Bangla

রাষ্ট্রীয় উপহার জালিয়াতি মামলায় ইমরান খানের ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত জালিয়াতি মামলায় অভিযুক্ত করে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। এই শাস্তির পাশাপাশি তাদের দুজনকে জরিমানাও করা হয়েছে। তবে এই সাজা আগের মামলাগুলোর সাজাসহ সমান্তরালভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে আনীত এই মামলাটি ‘তোশাখানা–২’ নামে পরিচিত। অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে সৌদি আরব সফরের সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুশরা বিবিকে একটি বিলাসবহুল বুলগারি গহনার সেট উপহার দেন। পাকিস্তানের আইন অনুযায়ী, এ ধরনের রাষ্ট্রীয় উপহার সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা। পরে নির্ধারিত মূল্যে তা কিনে নেওয়ার সুযোগ থাকলেও, ইমরান খান গহনার মূল্য কম দেখিয়ে তা কিনে নেওয়ার ব্যবস্থা করেন বলে অভিযোগ ওঠে।

ইমরান খান ও তাঁর আইনজীবীরা রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাঁর আইনজীবী সালমান সাফদার জানিয়েছেন, উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান ইতোমধ্যে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে বলে দাবি করা হলেও সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। বিশ্লেষকদের মতে, এই রায় পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

This post was viewed: 46

আরো পড়ুন