রংপুরের পীরগাছায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১১ দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। তবে প্রেমিক আলিফ বিয়ের কথা বলে তার প্রেমিকাকে বাড়িতে নিয়ে গিয়ে সটকে পড়েছেন। এ ঘটনা উপজেলার ইটাকুমারি ইউনিয়নের একটি গ্রামে ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণী স্থানীয় একটি কলেজে অধ্যয়নরত। তার সঙ্গে একই ইউনিয়নের আলিফের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। ২১ অক্টোবর আলিফ প্রেমিকার সঙ্গে বিয়ে করার কথা বলে তাকে কলেজ থেকে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে আলিফের বাবা-মা ছেলেকে বকাঝকা করে বাইরে পাঠিয়ে দেন। এরপর থেকে আলিফ আর বাড়িতে ফিরে আসেনি।
স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন সালিশ হলেও বিষয়টি সমাধান হয়নি। প্রেমিকার অভিযোগ, আলিফ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। পাশাপাশি সে গোপনে ভিডিও ধারণ করেছে এবং হুমকি দিচ্ছে, যদি তারা বাড়ি থেকে না যান, ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবে।
মেয়ের বাবা এই ঘটনায় আলিফসহ চারজনকে অভিযুক্ত করে পীরগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর এসআই শফিকুল ইসলাম ও এসআই শাহআলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তারা জানিয়েছেন, ওসির নির্দেশ ছাড়া ওই তরুণীকে উদ্ধার করতে পারবেন না।
পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ করেননি। ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।