মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সদ্য সমাপ্ত মার্চ মাসে। যা পূর্বের সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ডের চেয়ে ১৪ শতাংশ বেশি।
চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৬ হাজার ১১৬ কোটি ৪৫ লাখ টাকা। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।
এ ছাড়া তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার এবং চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে এ বছরের জানুয়ারিতে ৩১৭ কোটি মার্কিন ডলার।
বিশ্লেষকরা বলছেন, দেশে রমজানের ঈদ এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে প্রবাসীরা দেশে বেশি করে অর্থ পাঠিয়েছেন। এর ফলে যুদ্ধের তীব্রতা বাড়লেও এখন পর্যন্ত প্রবাসী আয়ের গতি সন্তোষজনক অবস্থানে রয়েছে।
তবে মধ্যপ্রাচ্যে চলমান এই সংকটের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।