যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি ছোট ব্যবসায়িক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির প্রখ্যাত মোটরগাড়ি রেসিং তারকা গ্রেগ বিফেলসহ সাতজন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিফেলের পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার সকালে নর্থ ক্যারোলাইনার একটি বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে যাত্রা শুরু করে সেসনা ৫৫০ মডেলের একটি বিজনেস জেট। আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল এবং তিনিই এর মালিক ছিলেন।
উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে বিমানটি। স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটের দিকে স্টেটসভিল শহরের বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিমানের জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং তীব্র আগুন ধরে যায়।
নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশ জানায়, আগুনের তীব্রতার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে এলে উদ্ধারকর্মীরা পুড়ে যাওয়া বিমানের ভেতর থেকে সাতজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম সফল মোটরগাড়ি রেসার। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি জাতীয় ও অঙ্গরাজ্য পর্যায়ে বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ১৯টি শিরোপা অর্জন করেন। ২০২২ সালে পেশাদার রেসিং থেকে অবসর নেন তিনি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং (নাসকার) প্রণীত সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকাতেও তার নাম রয়েছে।