যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড (আরটি) চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক কমানো হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, বাংলাদেশের রপ্তানি পণ্যে এখন থেকে ১৯ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার। এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
চুক্তির মাধ্যমে বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশাধিকার আরও সুগম হবে। বিশেষভাবে, গার্মেন্টস ও বস্ত্র শিল্পের জন্য এটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে রেসিপ্রোকাল শুল্ক শূন্য রাখা হয়েছে। এতে বাংলাদেশের পোশাক খাতের খরচ কমবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত হবে।
বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন চুক্তি বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি ও শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষভাবে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়লে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো আশা করছে, এই পদক্ষেপ রপ্তানি বৃদ্ধির পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণেও সহায়ক হবে।