বাগেরহাটের মোংলায় নৌপুলিশের একটি হাই-স্পিড বোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চালকসহ এক নৌপুলিশ সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাতে মোংলার দ্বিগরাজ এলাকার পশুর নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মোংলা নৌপুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজির আগমন উপলক্ষে নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতির অংশ হিসেবে বুধবার রাতে একটি হাই-স্পিড বোট নিয়ে দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহে বের হন। বোটটি দিগরাজ বাজুয়া ঘাটে নোঙর করে পেট্রোল নেওয়ার পর পুনরায় মোংলা ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় আগুন ধরে যায়।
এ সময় বোটটি চালু করতে গেলে ব্যাটারির সংযোগস্থলে হঠাৎ স্পার্ক হয়। মুহূর্তের মধ্যেই বোটে আগুন ধরে যায়। বোটে পেট্রোল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে দুই পুলিশ সদস্য বোট থেকে নামার চেষ্টা করেন। একজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চালক কাজী মাহবুব (২৮) আগুনে দগ্ধ হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহত নৌপুলিশ সদস্যকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তার শরীরের বেশ কয়েকটি অংশ দগ্ধ হয়েছে।
খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বোটটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।