চলতি বছরের অক্টোবর মাসে দেশের সড়ক, রেল ও নৌপথে মোট ৫৩২টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫২৮ জন নিহত এবং ১ হাজার ৩১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
প্রতিবেদন অনুযায়ী সড়কপথে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে, মোট ৪৬৯টি। এসব ঘটনায় ৪৬৯ জন প্রাণ হারান এবং ১,২৮০ জন আহত হন। একই সময়ে রেলপথে ৫২টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ৩০ জন আহত হন। নৌপথে ১১টি দুর্ঘটনায় প্রাণ হারান ১২ জন, নিখোঁজ একজন।
অক্টোবরে ১৭০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৬ শতাংশের বেশি। নিহতদের প্রায় ৩৮ শতাংশই মোটরসাইকেল আরোহী। নিহতদের মধ্যে নারী, শিশু, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন।
প্রতিবেদনে দেখা গেছে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে ১২৬টি ঘটনায় ১৩০ জন নিহত ও ৩৪৩ জন আহত। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ২০টি ঘটনায় ২৭ জনের মৃত্যু ও ৩৭ জন আহত হয়েছেন।