Ridge Bangla

মুরগি কিনতে গিয়ে পিটুনিতে প্রাণ হারালেন ক্রেতা

মুরগি কিনতে গিয়ে সিরিয়াল নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে কিশোরগঞ্জের ইটনায় এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সদর ইউনিয়নের দিঘির পাড় আলগা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত আইয়ুব আলী স্থানীয় খামারি আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে গেলে অন্য এক ক্রেতা মুজিবুর মিয়ার সঙ্গে তার সিরিয়াল নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে মুজিবুর মিয়ার ছেলেরা তাকে মারধর করেন।

আহত অবস্থায় আইয়ুব আলীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়।

নিহত আইয়ুব আলী (৬৮) সদর ইউনিয়নের বাসিন্দা এয়াকুব আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, সিরিয়াল নিয়ে বিরোধের জেরেই কয়েকজন মিলে তাকে পিটিয়ে হত্যা করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

This post was viewed: 35

আরো পড়ুন