Ridge Bangla

মুন্সীগঞ্জে ড্রেন থেকে ৪০টি তাজা ককটেল উদ্ধার, আটক একজন

মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ড্রেন ও বসতবাড়ি থেকে প্রায় ৪০টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত বস্তুর মধ্যে দুটি পাসপোর্ট, একটি মোবাইল ফোন, ধারালো ছুরি এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামও রয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুর ৩টার দিকে পৌরসভার বৈখর এলাকার সেলিনা আক্তারের ভাড়াটিয়া আনোয়ার হোসেনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম মো. হাসান বেপারী (৩৬)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম বেপারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন হোসেন পাটোয়ারির ভাগ্নী জামাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, স্থানীয়রা আনোয়ার হোসেনের টিনের ঘরের পাশে কাজ করার সময় ড্রেনের ভেতর বালতির মধ্যে ককটেল দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সেনাবাহিনীর ১৯ বীর ইউনিট ও মুন্সীগঞ্জ সদর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ককটেল ও অন্যান্য আলামত উদ্ধার করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দলকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

This post was viewed: 27

আরো পড়ুন