ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বড় ধরনের নিরাপত্তাজনিত ত্রুটি দেখা দিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ একটি পূর্ণবয়স্ক সিংহ খাঁচা থেকে বেরিয়ে যায়। ঘটনাটি মুহূর্তেই চিড়িয়াখানার ভেতরে আতঙ্ক সৃষ্টি করে, আর কর্তৃপক্ষ দ্রুত দর্শনার্থীদের বাইরে বের করে দেয়।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, সিংহটি এখনও চিড়িয়াখানার ভেতরেই রয়েছে এবং হারিয়ে যায়নি। প্রাণীটিকে নিরাপদে নিয়ন্ত্রণে আনার জন্য কর্মকর্তারা তার গতিবিধি নজরদারি করছেন।
কিভাবে সিংহটি বাইরে এলো এ প্রশ্নের জবাবে তিনি জানান, খাঁচার গ্রিল ক্ষতিগ্রস্ত নয়। প্রাথমিক ধারণা, খাঁচার তালা পুরোপুরি লাগানো হয়নি। ফলে দরজা দিয়েই সিংহটি বেরিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে।
এ ঘটনার পর জরুরি ব্যবস্থা হিসেবে চিড়িয়াখানার অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করা হয় এবং ভেতরে থাকা সবাইকে দ্রুত বের করে দেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চিড়িয়াখানার সংশ্লিষ্ট এলাকাগুলো ঘিরে রাখা হয়েছে।