কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা হাসান মোল্লা (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বাড়ির সামনে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
গুলিবিদ্ধ হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার ছেলে।
হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, ওয়াজ মাহফিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় ৭ নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তবে কে বা কারা, কী কারণে এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে। স্বজনরা জানান, তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।