Ridge Bangla

মালিতে দুই গ্রামে সেনাবাহিনীর অভিযানে নিহত ৩১ গ্রামবাসী

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর অভিযানে সেগু অঞ্চলের দুটি গ্রামে অন্তত ৩১ গ্রামবাসী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সংস্থার দাবি, মালির সেনাবাহিনী ও তাদের সহযোগী মিলিশিয়ারা আল-কায়েদা-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী জেএনআইএমের সহযোগী সন্দেহে গ্রামবাসীদের নির্বিচারে হত্যা করে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম হামলাটি হয় গত ২ অক্টোবর কামোনা গ্রামে। সেখানে অন্তত ২১ জন পুরুষকে গুলি করে হত্যা করা হয় এবং বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এরপর প্রায় ৫৫ কিলোমিটার দূরের বালে গ্রামে দ্বিতীয় হামলা চালানো হয়, যেখানে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন।

সাক্ষীদের বরাত দিয়ে এইচআরডব্লিউ জানায়, সেনা ও মিলিশিয়া সদস্যরা গ্রামবাসীদের ধরে নিয়ে সন্দেহের ভিত্তিতে গুলি করে হত্যা করে। এক স্থানীয় রাখাল জানান, হামলার সময় তিনি তার ৯ বছরের মেয়েকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন। পরে বাইরে এসে তিনি গুলিবিদ্ধ অবস্থায় ১৭টি লাশ পড়ে থাকতে দেখেন। মামলা নিয়ে আফ্রিকান ইউনিয়ন এবং মালি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এইচআরডব্লিউ মালি কর্তৃপক্ষকে ঘটনাগুলো তদন্তের আহ্বান জানিয়েছে এবং আফ্রিকান ইউনিয়নকে সংঘাত নিয়ন্ত্রণে ও দায়ীদের বিচারের আওতায় আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছে।

This post was viewed: 41

আরো পড়ুন