Ridge Bangla

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী অংশ নেন। ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অনুষ্ঠানের এক পর্যায়ে হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য ও কুশল বিনিময় করেন। তিনি বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী দলের নেতাকে অভিনন্দন জানান এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে সরাসরি টেলিফোন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এতে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয়েও আলাপ হয়। বিশেষ করে ব্যবসা, শিক্ষা, সংস্কৃতি ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানানো হয়, দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এ ধরনের সংযোগ দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সংযোগ রক্ষায় সহায়ক হবে।

This post was viewed: 3

আরো পড়ুন