Ridge Bangla

মারা গেছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেন

পশ্চিমবঙ্গের বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেন ১৪ জানুয়ারি ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। রবীন্দ্রসংগীতে তার অনন্য অবদানের জন্য তিনি বিশেষভাবে সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী শোকবার্তায় লিখেছেন, ‘বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্যর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

মমতা ব্যানার্জি আরও লিখেছেন, ‘তার চলে যাওয়া বাংলা সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তার শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এই গায়ক ১৯৩৫ সালের ১১ নভেম্বর বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই গানের প্রতি আগ্রহ ছিল। কিশোর বয়সে কলকাতায় গিয়ে বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে পড়াশোনা করেন এবং পরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন করেন।

পড়ালেখা শেষে তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে ন্যাশনাল সার্ভে অর্গানাইজেশনেও কিছুদিন কাজ করেন।

শৈশব থেকেই সংগীতে অনুরাগী অর্ঘ্য সেন দেবব্রত বিশ্বাস, পঙ্কজকুমার মল্লিক ও অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে গানের জগৎকে নতুনভাবে গড়ে তোলেন। তাঁর কণ্ঠে রবীন্দ্রসংগীত পেত স্বতন্ত্র মাত্রা।

This post was viewed: 11

আরো পড়ুন