Ridge Bangla

মারা গেছেন অস্কারজয়ী নাট্যকার স্যার টম স্টপার্ড

অস্কারজয়ী কিংবদন্তি নাট্যকার স্যার টম স্টপার্ড ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটে মারা গেছেন। রোববার (৩০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।

‘শেক্সপিয়ার ইন লাভ’–এর জন্য অস্কার ও গোল্ডেন গ্লোবজয়ী এই লেখকের মৃত্যুতে রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলাসহ সাহিত্য ও নাট্যজগতের বহু বিশিষ্টজন গভীর শোক প্রকাশ করেছেন। ‘রোজেনক্র্যান্টজ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’সহ তাঁর বহু সৃষ্টিতে দার্শনিক, রাজনৈতিক ও মানবিক বিষয়কে ব্যতিক্রমী রসিকতায় উপস্থাপন করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন স্টপার্ড।

চেকোস্লোভাকিয়ায় জন্ম নেওয়া স্টপার্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা পেরিয়ে ইংল্যান্ডে নতুন জীবন শুরু করেন। সাংবাদিক থেকে নাট্যকার হয়ে ওঠার পথে ১৯৬০–এর দশকে ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে সাফল্য তাঁকে ব্রিটিশ নাট্যমঞ্চে শক্ত অবস্থান গড়ে দেয়। ১৯৫৪ সালে ব্রিস্টলে সাংবাদিক হিসেবে কাজ শুরু করে পরে তিনি নাট্যসমালোচক এবং রেডিও–টিভির জন্য লেখক হিসেবে প্রতিষ্ঠা পান।

১৯৩৭ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ায় জন্ম নেওয়ার সময় তাঁর নাম ছিল টমাস স্ট্রাউসলার। নাৎসি দখলের আতঙ্কে পরিবার সিঙ্গাপুরে পালিয়ে যায়। সেখানকার জাপানি বন্দিশিবিরে মারা যান তাঁর বাবা। এরপর তাঁর মা এবং ভাইসহ তিনি জাপানি আক্রমণের আগেই অস্ট্রেলিয়া হয়ে ভারতে চলে আসেন। ভারতে তাঁর মা মেজর কেনেথ স্টপার্ডকে বিয়ে করেন। পরে পরিবার ইংল্যান্ডে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে এবং সেখান থেকেই শুরু হয় টম স্টপার্ডের নতুন পরিচয় ও নতুন জীবন।

This post was viewed: 22

আরো পড়ুন