Ridge Bangla

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

এর আগে শনিবার সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়।

ময়নাতদন্ত শেষে মরদেহ আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে গোসল ও কাফনের পর সহযোদ্ধা, সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ নিয়ে যাওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

জানাজাকে ঘিরে সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশে মানুষের ঢল নামে।

বেলা একটার পর ফার্মগেট, বিজয় স্মরণী, আসাদগেটসহ মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সড়কগুলোতে মানুষের ব্যাপক সমাগম দেখা যায়। জানাজায় অংশ নিতে আসা মানুষেরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ও ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন