Ridge Bangla

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে রেললাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।

দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সংস্কারকাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, উদ্ধার কার্যক্রম শেষ করে দ্রুত রেললাইন মেরামতের কাজ সম্পন্ন করা হবে। এরপরই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন