Ridge Bangla

মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যু

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আনন্দঘন পরিবেশে হঠাৎ করেই নেমে এসেছে শোকের ছায়া। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ও বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকির মাঠে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ঢাকার খেলোয়াড়দের নিয়ে ওয়ার্মআপ করাচ্ছিলেন তিনি। অনুশীলন চলাকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুব আলী জাকির এবং মুহূর্তের মধ্যে মাঠে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে দলের মেডিকেল স্টাফ ও সংশ্লিষ্টরা মাঠেই তাঁকে সিপিআর দেন।

পরবর্তীতে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতাল সূত্র জানায়, সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। এই আকস্মিক ঘটনায় সিলেট স্টেডিয়ামজুড়ে নেমে আসে গভীর শোক। বিপিএল উপলক্ষে কয়েক দিন আগেও তিনি গণমাধ্যমে কথা বলেছিলেন এবং দলের প্রস্তুতি নিয়ে সক্রিয় ছিলেন।

মাহবুব আলী জাকির বাংলাদেশের ক্রিকেটে একটি পরিচিত নাম। খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের হয়ে পেস বোলিং সামলানো এই ক্রিকেটার অবসর নেওয়ার পর কোচিংয়ে যুক্ত হন। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কাজ করার পাশাপাশি জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটারের উন্নতিতে ভূমিকা রেখেছেন তিনি। মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের কোচিং প্যানেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

This post was viewed: 11

আরো পড়ুন