ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর চার দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে সোমবার এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রভাব খাটানোর সুযোগ বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিধিনিষেধ কার্যকর রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কমিশন একের পর এক নির্দেশনা জারি করছে। কমিশনের আশা, এসব পদক্ষেপের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে।