দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দিনের শুরুতেই ভোটাধিকার প্রয়োগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল ৮টার দিকে তিনি ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত মিরপুরের ৬০ ফিট এলাকায় অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত রয়েছে। এবারের নির্বাচনে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে।