Ridge Bangla

ভোট: ছয় জেলায় ৬ জনের মৃত্যু

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে দেশের ছয় জেলায় পৃথক ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়ার পর মারা যান। আরেকজনের মৃত্যুকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

সরাইল উপজেলায় নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্বে থাকা পোলিং কর্মকর্তা মুজাহিদুল ইসলাম (৪৮) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

খুলনায় কেন্দ্রের বাইরে উত্তেজনার মধ্যে বিএনপি নেতার মৃত্যু

খুলনা সদরের আলিয়া মাদ্রাসা কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনার সময় মহিবুজ্জামান কচি (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়। বিএনপির দাবি, জামায়াত কর্মীর ধাক্কায় গাছে লেগে আঘাত পাওয়ার পর তিনি মারা যান। তবে প্রতিপক্ষের বক্তব্য, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে ধাক্কাধাক্কির কোনো ঘটনা ঘটেনি।

মানিকগঞ্জে ভোটকেন্দ্রে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ভোট দিতে গিয়ে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ৬৫ বছর বয়সী বাবু মিয়া অসুস্থ হয়ে পড়েন। এ সময় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরিবারের জানিয়েছে, স্ট্রোকজনিত কারণে তিনি মারা গেছেন।

চট্টগ্রামে লাইনে দাঁড়িয়ে হৃদরোগে মৃত্যু

কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে মো. মনু মিয়া নামে এক বৃদ্ধ (৬২) হঠাৎ দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ছেলে জানান, ডাক্তার বলেছে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে।

গাইবান্ধায় ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু

সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া এলাকায় ভোট দিয়ে বাড়ি ফেরার সময় বাশেদ আলী নামে এক কৃষক অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাশেদ আলীর স্বাভাবিক মৃত্যু ঘটেছে।

ঢাকায় সিঁড়িতে অসুস্থ হয়ে মৃত্যু

যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন কেন্দ্রে ভোট দিতে গিয়ে আলী আবু সাঈদ সরকার নামে একজন (৫৩) সিঁড়িতে অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাগুলো পৃথক ও আকস্মিক। সংশ্লিষ্ট এলাকাগুলোয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন