Ridge Bangla

ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্টদের যানবাহনে চলাচলের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন ব্যবহার করতে পারবেন। অনুমোদিত যানবাহনের মধ্যে রয়েছে জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি অথবা অটোরিকশা। প্রতিটি যানবাহনে বৈধ লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ পাঁচজন যাত্রী থাকতে পারবেন। প্রার্থীর নিরাপত্তায় নিয়োজিত গানম্যান থাকলে তাকেও এই পাঁচজনের মধ্যেই গণনা করা হবে।

যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই, সেখানে প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) সর্বোচ্চ দুইজন আরোহী থাকতে পারবেন।

নৌপথে যাতায়াতের ক্ষেত্রে ইসি জানিয়েছে, প্রার্থী ও নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি নৌযানে চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যানবাহনে অবস্থানকারী ব্যক্তিদের মধ্যে প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও গানম্যান ব্যতীত অন্য কেউ থাকলে তাঁদের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে।

এ ছাড়া ভোটগ্রহণের দিন প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্ট ছাড়া সঙ্গে থাকা অন্য কোনো ব্যক্তি ভোটকেন্দ্রের চৌহদ্দির ভেতরে প্রবেশ করতে পারবেন না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

This post was viewed: 2

আরো পড়ুন