Ridge Bangla

ভোটের আগে কোনো উন্নয়ন প্রকল্প নয়: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন (ইসি) ভোটের আগে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার দিন থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ইসি জানায়, রাজনৈতিক দল ও প্রার্থী কোনও সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল ব্যবহার করে অনুদান বা বরাদ্দ প্রদান করতে পারবেন না। তাছাড়া নির্বাচনি এলাকায় প্রার্থী বা দলের পক্ষে সিটি কর্পোরেশন, পৌরসভা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি বা অন্য কোনো সুবিধা নির্বাচনে ব্যবহার করা যাবে না, এমনকি মাশুল প্রদান করেও এ সুবিধাগুলো ব্যবহার করা যাবে না। স্থানীয় সরকার কর্মকর্তাদেরও নির্বাচনের কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্বাচন-পূর্ব সময়ে সরকারি বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্প অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফলক উন্মোচন করা যাবে না। অনুদান বা ত্রাণ বিতরণ সংক্রান্ত কার্যক্রমও নির্বাচনি এলাকায় গ্রহণ করা যাবে না। তবে পূর্বে অনুমোদিত প্রকল্পে জরুরি অর্থ অবমুক্তকরণের প্রয়োজন হলে ইসির অনুমতি গ্রহণ বাধ্যতামূলক।

ইসি সতর্ক করেছে, আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বিধি ২৭ অনুযায়ী শাস্তির আওতায় আসবেন। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে এ ধরনের নিয়মের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।

This post was viewed: 15

আরো পড়ুন