Ridge Bangla

ভোটকেন্দ্রে মোবাইল ফোন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও প্রবেশ নিষিদ্ধের নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রের চারশ গজের ব্যাসার্ধের মধ্যে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার ছাড়া কেউ মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। নির্বাচনের সময় সাধারণত সাংবাদিকরা ভোটগ্রহণে ফটোশুট এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য মোবাইল ব্যবহার করেন। তবে নতুন বিধিনিষেধ সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ এর আগে কখনও ইসি ভোটকেন্দ্রে এমন বিধিনিষেধ আরোপ করেনি।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো ভোটকেন্দ্রের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা। মোবাইল ফোনের মাধ্যমে ভোটারদের সঙ্গে ভোটসংক্রান্ত অননুমোদিত যোগাযোগ, তথ্যচিত্র বা লাইভ সম্প্রচার প্রতিরোধ করা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা নতুন নিয়ম অনুযায়ী ভোটকেন্দ্রের চারপাশে নজরদারি করবেন। ভোটারদেরও অনুরোধ করা হয়েছে, তারা এই বিধিনিষেধ মেনে চলুন এবং নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে বজায় রাখতে সহযোগিতা করুন।

This post was viewed: 3

আরো পড়ুন