ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে আরোপিত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ মৌখিকভাবে এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।
এর আগে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুদিন আগে একটি নির্দেশনা জারি করে নির্বাচন কমিশন। সেই নির্দেশনায় বলা হয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী নির্ধারিত দুইজন আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার করতে পারবেন না। ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা ওই নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্টদের জানানো হয়েছিল।
সিদ্ধান্তটি কার্যকর হলে ভোটের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের কাজে বাধা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়।