Ridge Bangla

ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন, আহত শতাধিক

দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায়।

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

ঢাকার মুগদায় নিরাপত্তাকর্মী মো. মাকসুদ (৫০) ভূমিকম্পের সময় দ্রুত নিচে নামতে গিয়ে দেয়াল ধসে মারা যান। পুরান ঢাকার কসাইটুলিতে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২১), কাপড় ব্যবসায়ী আবদুর রহিম (৪১) এবং তার ছেলে আবুল আজিজ রেমন (১২) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

নরসিংদী সদর, পলাশ ও শিবপুর উপজেলায় আতঙ্কে দৌড়াদৌড়ির সময় প্রাণহানির ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমর (৮), কাজেম আলী ভূঁইয়া (৭৫), নাসিরউদ্দিন (৬০) এবং ফোরকান (৪০)।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক বছর বয়সী এক শিশু মারা যায়। ভূমিকম্পটি রাজধানীর বাইরে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতেও অনুভূত হয়।

This post was viewed: 34

আরো পড়ুন