Ridge Bangla

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে প্রচারণা নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। একে অপরের প্রচারণায় বাধা দেওয়া ও পাল্টাপাল্টি অভিযোগের জেরে এর আগেও কয়েকটি এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর ধারাবাহিকতায় রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি ও পৌর বিএনপির কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ সময় সিডস্টোর বাসস্ট্যান্ড, স্কয়ার মাস্টারবাড়ি এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করা হলে উভয় পক্ষের বহু নেতাকর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

This post was viewed: 15

আরো পড়ুন