যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য দেশে প্রবেশ করেছে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে একসঙ্গে ৮টি ট্রাকে করে প্রায় ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে আমদানি করা হয়। বড় এই চালান প্রবেশের পরপরই বন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরক বহনকারী ট্রাকগুলো বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নির্ধারিত ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে সরিয়ে নেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া তত্ত্বাবধানে সেগুলো সংরক্ষণ করা হয়। এই বিস্ফোরক চালানটি আমদানি করেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। অপরদিকে, রপ্তানিকারক হিসেবে রয়েছে ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড (১৯৪/১৯৬ শ্রীপুরা, ইন্ডিয়া)।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন আমদানির বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রম পরিচালনার জন্য ভারত থেকে মোট ১২৭ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বর্তমানে বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, খালাস প্রক্রিয়া সম্পন্ন করতে আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেবে। সব যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষ হলে বিস্ফোরক দ্রব্যগুলো বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে।
এদিকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বন্দর এলাকাকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। আমদানিকৃত বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহণ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা হয়েছে।