প্রেম ভাঙার পর প্রেমিক অন্য নারীকে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে বোয়া বসুন্ধরা নামে এক তরুণী প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভির ইঞ্জেকশন দেন। এ ঘটনায় বোয়া বসুন্ধরা, তার সহযোগী কোঙ্গে জ্যোতি ও তার দুই সন্তানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গত ৯ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বসুন্ধরা নামে এক তরুণী পরিকল্পিতভাবে প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি আক্রান্ত রক্ত ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করান। এক নার্সের সহায়তায় তিনি ওই রক্ত সংগ্রহ করেন। ঘটনার সুযোগ তৈরি করতে আগে প্রেমিকের স্ত্রীকে সড়ক দুর্ঘটনার কবলে ফেলা হয়, এরপর চিকিৎসার অজুহাতে ইনজেকশন দেওয়া হয়।
পুলিশ জানায়, ৯ জানুয়ারি হাসপাতাল থেকে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন বসুন্ধরার সাবেক প্রেমিকের স্ত্রী। সে সময় দুই ব্যক্তি বাইক নিয়ে তার সামনে এসে পড়েন। এতে চোট পান ওই নারী। তখনই সাহায্য করতে এগিয়ে যান বসুন্ধরা ও তার সহযোগীরা। এ সময় তার শরীরে এইচআইভির ইঞ্জেকশন দিয়ে পালিয়ে যান বসুন্ধরা। বিষয়টি বুঝতে পেরে তিনি তার চিকিৎসক স্বামীকে ফোন করেন। পরে তার স্বামী অভিযোগ করলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।