Ridge Bangla

ভারতে ইন্ডিগোর রেকর্ড পরিমাণ বিপর্যয়: একদিনে ৫৫০টি ফ্লাইট বাতিল

ভারতে বিমান চলাচলে গত দুই দশকের সবচেয়ে বড় বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির শীর্ষ বিমানসংস্থা ইন্ডিগো এক দিনে ৫৫০টির বেশি ফ্লাইট বাতিল করেছে, যা তাদের ইতিহাসে এক দিনের সর্বোচ্চ ফ্লাইটবাতিলের ঘটনা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রু সংকট, নতুন নীতিমালার জটিলতা এবং প্রযুক্তিগত সমস্যার সমন্বয়েই এ পরিস্থিতির সৃষ্টি। সংস্থাটি জানিয়েছে, অবস্থা স্বাভাবিক করতে তারা পরিকল্পিতভাবে আরও কিছু ফ্লাইট বাতিল রাখতে বাধ্য হচ্ছে। আগামী দুই-তিন দিনেও ফ্লাইট বাতিল অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিগো প্রতিদিন গড়ে ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইট পরিচালনা করে।

বুধবার সংস্থাটির অন-টাইম পারফরম্যান্স নেমে আসে মাত্র ১৯.৭ শতাংশে, যা মঙ্গলবারের ৩৫ শতাংশের চেয়েও কম। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং ডিজিসিএ এ পরিস্থিতি মোকাবিলায় ইন্ডিগোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে। বিমানবন্দরভেদে ফ্লাইটবাতিলের সংখ্যা আরও ভয়াবহ- মুম্বাইয়ে ১১৮, বেঙ্গালুরুতে ১০০, হায়দরাবাদে ৭৫, কলকাতায় ৩৫, চেন্নাইয়ে ২৬ ও গোয়ায় ১১টি ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি অন্যান্য বিমানবন্দর থেকেও বাতিলের খবর পাওয়া গেছে।

This post was viewed: 42

আরো পড়ুন